চট্টগ্রামের হাটহাজারীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, সোমবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন:
ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০)
পশ্চিম ধলই এলাকার মো. আকতার হোসেন (২৩)
ফতেপুর ইউনিয়নের মো. শাহাদাত হোসেন (৪৪)
দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)
পুলিশ জানায়, গত রোববার ভোরে হাটহাজারী উপজেলা নন্দীরহাট এলাকায় ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ ব্যানারে ১২–১৫ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। মাত্র তিন মিনিট স্থায়ী ওই মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের মাথায় হেলমেট ছিল এবং মুখ কাপড়ে ঢাকা ছিল।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্ত করে। তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কার্যক্রম, নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিভ্রান্তিকর স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “ভিডিও ফুটেজের মাধ্যমে চারজনকে শনাক্ত করে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”





