নির্বাচন কমিশন (ইসি) টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
রোববার দুপুরে আপিল শুনানির পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, “পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি।” সব পক্ষের বক্তব্য শোনার পর কমিশন সিদ্ধান্ত দেয়, আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ থাকবে।
উল্লেখ্য, আব্দুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।





