বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ প্রকাশ্যে আইনজীবীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, অনিচ্ছাকৃতভাবে অসাবধানতাবশত এমন বক্তব্য দিয়েছেন।
\r\nশুক্রবার (৭ নভেম্বর) বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। মেজবাহ ফরহাদ বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
\r\nসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃতভাবে শব্দচয়নে ভুলের কারণে আইনজীবী সম্প্রদায়ের বিষয়ে একটি মন্তব্য করেছি, যা পরে আমার কাছে অনুতাপের কারণ হয়েছে। এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল।”
\r\nতিনি আরও বলেন, “আমি আইনজীবী পেশাকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখি। বাংলাদেশের আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। আমার মন্তব্যের কারণে যদি কারও মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকে, আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
\r\nউল্লেখ্য, কেদারপুর ইউনিয়নের এক জনসভায় মেজবাহ ফরহাদের বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজে ক্ষোভ সৃষ্টি হয়। প্রতিবাদে ৬ নভেম্বর বরিশাল প্রেস ক্লাবে জেলা আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। একই দিন সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহও হয়।
\r\nএরপর মেজবাহ উদ্দিন ফরহাদ সংবাদ সম্মেলনে অনুতাপ প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেন।





