বাংলাদেশ এবার আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। আইসিসি ইতোমধ্যে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। তবে বিশ্বক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তে পাকিস্তান তীব্র অসন্তুষ্ট। শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসা পাকিস্তান এখন আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ ও ক্ষতি করার কৌশল নিয়ে ভাবছে।
জানা যায়, পাকিস্তানও বাংলাদেশকে সমর্থন জানিয়ে টুর্নামেন্টে কোনো ধরনের প্রতিবাদ করতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই মুহূর্তে সব বিকল্প যাচাই করছে। শোনা যাচ্ছে, তারা বিশ্বকাপ বয়কট করতে পারে অথবা বিশেষ করে ভারতের বিপরীতে গ্রুপ ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ সব ম্যাচ খেললেও ভারতের সঙ্গে ম্যাচটি খেলবে না সাবেক চ্যাম্পিয়নরা।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। বাকি গ্রুপের সব ম্যাচ তারা শ্রীলঙ্কায় খেলার পরিকল্পনা করছে। পিসিবি সূত্র জানিয়েছে, এই প্রতিবাদ বিশ্বকাপে আইসিসিকে অর্থনৈতিক ও সুনামজনিত ক্ষতির মুখে ফেলতে পারে। বিশেষ করে ভারত ম্যাচ বয়কট করলে দুই পয়েন্ট হারানোর ঝুঁকি সত্ত্বেও তারা এই পথে যেতে দ্বিধা করছে না।
সবকিছু ঠিক থাকলে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সোমবার (২২ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরই পিসিবি চূড়ান্ত ঘোষণা দেবে—পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে নাকি নেবে না, নাকি শুধু ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করবে। পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে এখন গোটা আন্তর্জাতিক ক্রিকেট।





