নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনাগুলো দেখে দেশ আবারও অন্ধকার সময়ের দিকে ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীরা। তারা এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে নেত্রীরা বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর নির্যাতন করে হত্যার ঘটনা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা এসব ঘটনার দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা বলেন, আছিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা আগে আন্দোলনে নেমেছিলেন এবং তৎকালীন সরকারের পক্ষ থেকে এক মাসের মধ্যে বিচার কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে সেই বিচার কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, আইন কার্যকর না হলে তার কোনো মূল্য থাকে না।
তিনি আরও বলেন, সরকার ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিয়েছে, কিন্তু সাধারণ মানুষ কতটুকু নিরাপত্তা পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং ব্যর্থতার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও মন্তব্য করেন।
অন্যান্য বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড দেশের মর্যাদাকে ক্ষুণ্ন করছে। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিভিন্ন নেত্রী উপস্থিত ছিলেন।





