ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট সব দেশপ্রেমিক নাগরিকই দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, “যারা স্বাধীন বাংলাদেশকে চায়নি, তারা আবার দেশের শাসনভার দাবি করছে। ধর্মের দোহাই দিয়ে তারা জাতিকে বিভক্ত করতে চায়। স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে। তারা ভাবছে আওয়ামী লীগের ভোট তারা পাবে, কিন্তু সব দেশপ্রেমিক ভোটার আওয়ামী লীগের পাশে থাকবে।”


তিনি আরও বলেন, “দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কারা দেশের ক্ষমতা নিয়েছে তা বোঝা যায় না। বেকার সমস্যা বেড়েছে, মানুষের চাপ বাড়ছে, ফুটপাতে দোকান বেড়েছে, কিন্তু সরকারের লক্ষ্য নেই।”


বিএনপির এ নেতা বলেন, “একটি ছোট দল দেশকে উলটপালট করে লুটপাটের পরিকল্পনা করছে। বর্তমান সরকার দুটি দলের ওপর নির্ভরশীল; একটি নিজস্ব সৃষ্টি, আরেকটি পুরনো দল। তারা যা বলে তাই করছে, কিন্তু জনভিত্তি কোথায়?”


তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকার এই দলগুলোর বিজয় নিশ্চিত করতে কোনো অবৈধ পদ্ধতিও ব্যবহার করতে পারে। মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগ রাতের ভোটের মতো কিছু ব্যবস্থা করতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”


মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “মনোনয়ন সুন্দর হয়েছে। অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, কষ্ট পেয়েছে, কিন্তু তারেক রহমান তা ভেবে চিন্তে করেছেন। আমরা বিশাল নির্বাচনী যাত্রায় নেমেছি। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে দলকে বিজয়ী করতে হবে।”