আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর গুলি ও বিস্ফোরণ চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তিনি লেখেন, “আওয়ামী লীগের জঙ্গিরা গুলি করছে, বিস্ফোরণ চালাচ্ছে। সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন।”
এর আগে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশ শেষে দলের কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে হামলা চালানো হয়।
এ সময় পুলিশ বাধা দিতে গেলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে দেখা যায়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ করা হয়েছে।
পরে পরিস্থিতির অবনতি ঘটলে নিরাপত্তা বাহিনী এনসিপি নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।





