আগামী নির্বাচনকে ‘মব কালচারের নির্বাচন’ হিসেবে বর্ণনা করেছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে অনুষ্ঠিত ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ এর আত্মপ্রকাশ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
\r\nআনিসুল ইসলাম বলেন, “সবাই প্রশ্ন করছেন, নির্বাচন হবে কি-না। বর্তমান সরকার এখনও নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে পারেনি। আইনশৃঙ্খলা ঠিক না হলে এই নির্বাচন হবে মব কালচারের নির্বাচন। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে কীভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে?”
তিনি আরও বলেন, “আমাদের হাতে সুযোগ এসেছে, সেটিকে ভালোভাবে কাজে লাগানো উচিত। নির্বাচনই গণতন্ত্রের প্রধান পাথেয়। নির্বাচন কমিশন বলছে তারা প্রস্তুত, কিন্তু আমরা তাতে কোনো প্রতিফলন দেখছি না। আশা করি আইনশৃঙ্খলা ঠিক রেখে নির্বাচন হবে, যাতে এটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।”
জোট বিষয়ে তিনি জানান, ১৮টি দল একত্রিত হয়ে আজ রাজনৈতিক জোট এনডিএফ গঠন করেছে। তিনি বলেন, “এ জোট কেবল নির্বাচনি নয়, এটি রাজনৈতিক জোট। আমরা দেশকে বিভাজন থেকে মুক্ত করে একটি ঐক্যবদ্ধ রাজনীতি উপহার দিতে চাই।”
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “মাত্র তিন মাসের মধ্যে আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো প্রশাসন ও আইনশৃঙ্খলা ঠিক করে ফেলেছিল। ১৯৯২, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন এখনও গ্রহণযোগ্য। কেন এই পরিবেশ সৃষ্টি হচ্ছে না?”
আনিসুল ইসলাম আরও যোগ করেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছি শোষণমুক্ত ও বৈষম্যহীন অর্থনীতির জন্য। ভুল করেছি, ক্ষমাও চেয়েছি। কিন্তু কোনো সরকারকে পালিয়ে যেতে হবে, সেটি আমরা চাই না।”
রাজনৈতিক দলের মধ্যে বিরোধপূর্ণ বক্তব্য নিয়ে তিনি বলেন, “জুলাই আন্দোলনের পর প্রধান দলগুলো একে অপরের অতীত নিয়ে কথা বলছে। আমরা চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে কথা হোক। প্রশাসন, পরিবেশ ও আইনশৃঙ্খলা উন্নতি না করে অতীত নিয়ে মনোযোগ দেওয়াকে আমরা সমর্থন করি না। পুরোনো ভুল ভুলে সামনে এগোতে হবে।”
সংবাদ সম্মেলনে ফ্রন্টটির প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, রুহুল আমিন হাওলাদার, গোলাম সারোয়ার মিলনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





