আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) ‘চোরে চোরে মাসতুতো ভাই’ আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে কুলি শ্রমিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “যারা ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেম হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক অভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাযজ্ঞ ঘটিয়েছে, তারা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না।”
তিনি আরও বলেন, “এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। এত দিন আওয়ামী লীগের ছায়াতলে থাকা সেই চোর এখন তাদের ব্যানারে আশ্রয় নিতে চাইছে। আওয়ামী লীগের নেতৃত্ব মানেই চুরি ও বাটপারি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে তাদের দোসর জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।”
অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ জনগণের আস্থা হারানোর কারণ হচ্ছে। আপনাদের কাজ খুনিদের বিচারের মুখোমুখি দাঁড় করানো।”
এ সময় তিনি অভিযোগ করেন, পঞ্চগড়ে ছাত্রদল স্কুল পর্যায়ে কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা করছে। “তাদের মাধ্যমে শিক্ষার্থীদের অপরাজনীতিতে ঠেলে দিয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজি শুরু হবে,” দাবি করেন তিনি।
একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “যারা জাতীয় পার্টিকে ভর করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা আসলে দেশে নির্বাচন চায় না। তাদের লক্ষ্য বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সংকটে ফেলা এবং গৃহযুদ্ধ সৃষ্টি করা।”
মতবিনিময় সভায় কুলি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।





