আওয়ামী লীগকে \"ফ্যাসিস্ট দল\" আখ্যা দিয়ে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (১০ মে) দুপুর ২টায় সংগঠনটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি জমা দেয়।

\r\n

প্রতিনিধি দলে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের এবং যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন। স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ।

\r\n

স্মারকলিপিতে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আহতদের পুনর্বাসন, শহিদ পরিবারকে ক্ষতিপূরণ, শহিদ ও আহতদের তালিকা প্রণয়ন এবং সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের দেশত্যাগে সহযোগীদের বিচার দাবি করা হয়েছে।

\r\n

গণঅধিকার পরিষদের দাবি, “ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। জনগণের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে এবং এই দাবিকে ঘিরে ইতোমধ্যেই দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে।”

\r\n

তারা আরও জানিয়েছে, গণহত্যার বিচার নিয়ে সরকারের ধীরগতিতে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত বিচারের জন্য কমপক্ষে পাঁচটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয় স্মারকলিপিতে। একই সঙ্গে শহিদ ও আহতদের তালিকা দ্রুত সম্পন্ন করা এবং শহিদ পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানায় সংগঠনটি।

\r\n

এ ছাড়া গণঅধিকার পরিষদ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানায়, “৮ মে অন্তর্বর্তী সরকারের অনুমতিক্রমে তিনি তার পুত্র ও শ্যালকসহ দেশত্যাগ করেন। এই ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।” দলটি এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

\r\n

গণঅধিকার পরিষদ জাতীয় সংলাপ আয়োজনের মাধ্যমে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।