গাজীপুরের কালিয়াকৈরে রাজনৈতিক বিরোধের জেরে ব্যতিক্রমী এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। উপজেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের সাবেক নেতা-কর্মীদের প্রবেশের অভিযোগে ‘দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে’ দাবি করে ছাত্রদলের নেতা-কর্মীরা এক মণ দুধ দিয়ে অফিস ধুয়ে দেন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার ভিডিও বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতা-কর্মীরা বালতি ও মগে করে দুধ নিয়ে কার্যালয়ের মেঝে ও বারান্দা ধুয়ে দিচ্ছেন। এ সময় কেউ কেউ অভিযোগ করেন, \"নব্য বিএনপির\" নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের কার্যালয়ে ঢুকিয়ে দলকে অপমান করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।


তিনি বলেন,“মঙ্গলবার আমরা গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল শেষ করে চলে যাই। পরে জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী কিছু লোকজন নিয়ে কার্যালয়ে আসেন, যাঁদের বেশির ভাগ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এতে আমাদের পার্টি অফিস কলঙ্কিত হয়েছে। তাই আমরা এক মণ দুধ দিয়ে অফিস ধুয়ে প্রতীকী প্রতিবাদ করেছি।”

বিএনপির জেলা সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দীকি এ প্রসঙ্গে বলেন,“কিছু ছেলে দুধ দিয়ে ধুয়ে ভিডিও করেছে, এটা দেখানো বিষয় না। আমরা যে কমিটি দিয়েছি, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গেই জড়িত।”

ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতারা জানান, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে কালিয়াকৈর উপজেলা বিএনপির পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে সকালে কার্যালয়ে প্রবেশ করে একটি পক্ষ, যাঁদের সঙ্গে ছিলেন কিছু আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক কর্মী। এই ঘটনাকে ‘দলীয় আদর্শ ও আন্দোলনের চেতনার পরিপন্থী’ হিসেবে দেখছেন ছাত্রদলের নেতারা।

বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল ও বিএনপির কর্মী আবদুর রহমান, নাসির উদ্দিন, মিঠুন ব্যাপারী ও যোবায়ের হোসেন।

সাংগঠনিক শৃঙ্খলা ও রাজনৈতিক পরিচিতিকে ঘিরে দলের ভেতরে ভিন্নমতের এই প্রকাশ জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে বিএনপির নেতৃত্ব ও একাত্মতা নিয়ে।