জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ‘চার কোটি সন্তানকে বাঁচিয়ে রাখবে না’। তিনি দলটির বিরুদ্ধে কুমিল্লায় বিএনপি-জামায়াতপন্থীদের নির্যাতনের অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস নয়।
বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। কুমিল্লা জেলা ও মহানগর এনসিপি এই সভার আয়োজন করে।
সভায় হাসনাত বলেন, \"হাসিনা এক সময় বলেছিল কুমিল্লার নামের আগে ক্যু আছে, তাই কুমিল্লা নামে বিভাগ করা যাবে না। কিন্তু আমরা হাসিনাকে উৎখাত করেছি, এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট।\"
তিনি অভিযোগ করেন, কুমিল্লা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে। “কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল, তারা রেমিট্যান্সযোদ্ধা। অথচ উন্নয়নের নামে এখানে যে বিনিয়োগ হয়েছে, তা একটি বিশেষ গোষ্ঠীর পকেট ভারী করতে।”
“সরকার না করলে আমরা নিজেরা রাস্তা ঠিক করব”উত্তরবঙ্গের উন্নয়নের তুলনায় কুমিল্লা পিছিয়ে আছে দাবি করে এনসিপি নেতা বলেন, “এখানে টানা দুই কিলোমিটার ভালো রাস্তা নেই। ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোড মহাসড়ক হলেও দুটো বাস ক্রস করতে পারে না। সরকার এগুলো ঠিক না করলে আমরা জনগণ নিজেরা টাকা তুলে রাস্তাগুলো ঠিক করব।”
হাসনাত আরও বলেন, “আপনি বিএনপি করেন, জামায়াত করেন, তাতে সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্য আমরা মেনে নেব না।” তিনি কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, “আমাদের লড়াই এখনো শেষ হয়নি। কুমিল্লায় সম্প্রীতির বন্ধন নষ্ট হতে দেওয়া যাবে না।”
সভা শুরুর আগে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সভাটিকে শোকসভা হিসেবে ঘোষণা করা হয়।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিপা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ ও জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ, কেন্দ্রীয় নেতা হাফসা জাহান ও সালাউদ্দিন জামিল সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক সিরাজুল ইসলাম।
বিকেল ৫টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে শুরু হওয়া এনসিপির পদযাত্রা টাউন হল মাঠে এসে শেষ হয়। সেখানে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান।





