জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, “আওয়ামী লীগকে আর কোনো ছাড় নেই। যেখানেই তাদের নৈরাজ্য ঘটানো হবে, ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। যারা দেশের জনগণ, রাষ্ট্রীয় সম্পদ বা আইন-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করবে, তাদের গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে হস্তান্তর করতে হবে।”

ড. হেলাল উদ্দিন বলেন, “৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে উদারতা দেখিয়েছে। তবে এবার আর কোনো ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও বা নৈরাজ্য সৃষ্টি করবে, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ জাতির শত্রু এবং ভারতীয় আধিপাত্যবাদের দালাল।”

তিনি এসব মন্তব্য করেন বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর পল্টন-গুলিস্তান জিরো পয়েন্ট থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম এবং মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান। এছাড়া উপস্থিত ছিলেন মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীব, মতিঝিল দক্ষিণ থানা আমির মুহাম্মদ মোতাছিম বিল্লাহসহ মহানগরীর বিভিন্ন সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতে ইসলামের নেতাকর্মীরা সাইন্সল্যাব, ধানমন্ডি-৩২, শাহবাগ, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। স্থানীয় জনসাধারণও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।