ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও প্রভাবশালী আলেম মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বলেছেন, ধর্মীয় বিশ্বাস বা আকিদার ক্ষেত্রে কোনো সমঝোতা করা সম্ভব নয়। তিনি বলেন, নবীর পর কোনো নবী নেই; যারা এ বিশ্বাস মানবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে।


শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মহাসম্মেলনে মাদানী এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “অনেক বিষয়ে সমঝোতা করা যায়, তবে আকিদার ক্ষেত্রে নয়, বিশেষ করে যখন তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আসে। আমাদের দায়িত্ব হলো প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছানো এবং খতমে নবুওয়ত রক্ষা করা। ইনশাল্লাহ, এর মাধ্যমে মহান আল্লাহর দয়া ও ক্ষমা লাভ হবে।”


এদিকে, সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি। এ আয়োজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল ৯টায় শুরু হওয়া সম্মেলনে বাংলাদেশ ছাড়াও পাঁচটি দেশের আলেমরা অংশগ্রহণ করেন।


সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।


এছাড়াও সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবীদরা উপস্থিত ছিলেন।