যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগামী সপ্তাহে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর মাধ্যমে তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানকে “খুব কঠোরভাবে আঘাত” করা হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি এবং বলেন, আশা করছি সবকিছু ঠিকঠাকভাবে চলবে।
ফক্স নিউজের ব্রায়ান কিলমিডের সঙ্গে আলাপে ট্রাম্প পুনরায় বলেন, আগামী সপ্তাহে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে।
এ মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘর্ষ ১৪তম দিনে প্রবেশ করেছে এবং তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১০০ ডলারের কাছে পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ ১১ এপ্রিল পর্যন্ত জাহাজে বোঝাই রাশিয়ান অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির অনুমতি দিয়েছে। এ জন্য বিশেষ লাইসেন্স জারি করা হয়েছে।
মার্কিন ট্রেজারির অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, সংস্থাটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে রয়েছে। এর আগে ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য অপ্রত্যাশিত সুবিধা। এটি ট্রাম্পের ধারাবাহিক পদক্ষেপের অংশ, যার লক্ষ্য বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং একই সঙ্গে “সন্ত্রাসী ইরানি শাসনের হুমকি ও অস্থিতিশীলতা মোকাবিলা করতে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা।”
নতুন লাইসেন্সটি বৃহস্পতিবার পর্যন্ত জাহাজে বোঝাই তেল ও পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রযোজ্য হবে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পর তেলের দাম বৃদ্ধি ঠেকাতে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত মজুত থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার একদিন পরই এই লাইসেন্স জারি করা হয়।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। তাই এই পথ বন্ধ হওয়ায় আন্তর্জাতিক তেল বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।





