রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা–রানীমহল–চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামত এবং ভাল্ব পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে ডেমরা থানার অন্তর্গত সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় ওই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।
অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।





