আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই আসন্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব, ইনশাআল্লাহ আরেকটা লড়াই হবে—একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা দুর্নীতির বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব।”
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি আবার বক্তব্য শুরু করেন।
দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “জামায়াতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে, তার প্রমাণ কী? আমরা বলব, সবাইকে নিয়েই এই সমাজ গড়ে তুলব। মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
সমাবেশের শেষদিকে তিনি বলেন, “জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক নয়, সেবক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ।”
এ জাতীয় সমাবেশে সারাদেশ থেকে জামায়াত নেতাকর্মীরা অংশ নেন।





