শাহজালাল শ্রাবণ, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাংকপাড়ায় কালবৈশাখী ঝড়ের সময় অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামাল পুড়ে সর্বস্বান্ত হয়েছেন সেরাজুল ইসলাম।

বুধবার (৬ মে) দুপুরে এ ঘটনায় তার প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় বৈদ্যুতিক তারে বজ্রপাত হলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাইকান ব্যাংকপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে সেরাজুল ইসলামের বাড়িতে। এতে ঘরে মজুত থাকা তামাক, গোলায় রাখা ধান, দুটি টিনের ঘর, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত সেরাজুল ইসলাম অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। বজ্রপাতের পর বিদ্যুতের তারে আগুন ধরে যায়। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। এখন স্ত্রী-সন্তান নিয়ে পথে বসেছি।’

গংগাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। আলমবিদিতর ইউনিয়নের প্রশাসককে সঙ্গে নিয়ে পরিবারটিকে এক বান টিন ও শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।
আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সেরাজুল ইসলাম। 

পরিবারের বসতভিটা ও জীবিকার প্রধান সম্বল হারিয়ে সন্তানদের লেখাপড়া ও দৈনন্দিন জীবনযাপন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। নতুন করে ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহায়তার প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।