ইসরায়েল ও তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ সরকার, জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। বৃহস্পতিবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তব্য, বিবৃতি এবং বাংলাদেশের সাধারণ মানুষ, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক কর্মীদের স্পষ্ট অবস্থান—সব কিছুই মানবিক সচেতনতা এবং ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর প্রতিশ্রুতির প্রতিফলন।
ইরান দূতাবাস আরও জানায়, ইরানি জনগণের প্রতিরোধ কেবল একটি প্রতিরক্ষা নয়, এটি জাতির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় অঙ্গীকারের প্রতীক। একইসঙ্গে এটি আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা বহন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে বিশ্ব জাতিগুলোর মধ্যে পারস্পরিক সংহতি অত্যন্ত জরুরি।”
বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা হয় ইরান দূতাবাসের বিবৃতিটি।





