ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা বৃহস্পতিবার থেকে শুরু হলেও ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে এবং আশপাশের বিভিন্ন গলিতে তার নির্বাচনী পোস্টার দেখা গেছে।
ঢাকা-১১ আসনের ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, “আমরা প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছি। পোস্টার নামানো হলে কেউ তা আবার লাগাচ্ছে। সিটি করপোরেশনকে তাগিদ দেওয়া হচ্ছে যাতে কোথাও অবৈধ পোস্টার না থাকে। পোস্টার লাগানোর সময় কাউকে ধরা গেলে সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, না হলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থীরা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ মেনে চলবেন। এই বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে পোস্টার লাগানো নিষিদ্ধ। এছাড়া লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানারে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারও নিষিদ্ধ।





