চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে নগরের বহদ্দারহাট এলাকা থেকে মিছিল নিয়ে ষোলোশহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম জানান, “সমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সকাল থেকেই সমাবেশস্থলে মোতায়েন আছেন পুলিশ সদস্যরা।”
তিনি আরও জানান, কক্সবাজারে সাম্প্রতিক ঘটনার পর এনসিপি নেতারা শনিবার রাতে নগরের স্টেশন রোডের একটি হোটেলে অবস্থানকালে সেখানে ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়। আজ সমাবেশস্থলেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে ডগ স্কোয়াড ব্যবহারের প্রস্তুতিও রয়েছে।
চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা হয়ে বিকেলে সমাবেশে যোগ দেবেন এনসিপি নেতারা। এর আগে সকালে তারা রাঙামাটিতে একটি কর্মসূচিতে অংশ নেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, “নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত আশপাশের এলাকায়ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে যেটুকু প্রয়োজন, আমরা সব প্রস্তুতি নিয়েছি।”
উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির এক সমাবেশে হামলার ঘটনা ঘটে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন চারজন। এছাড়া গতকাল শনিবার কক্সবাজারের চকরিয়ায় এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে একটি সমাবেশে মঞ্চ ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের আজকের কর্মসূচিকে ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।





