জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর এবার সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দলগুলো চতুর্থ দফা কর্মসূচি ঘোষণা করেছে। সাত দফা অভিন্ন দাবি—এর মধ্যে অন্যতম হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ অক্টোবর সব বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ ও মিছিলের আয়োজন করবে দলগুলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।
গত সেপ্টেম্বর থেকে প্রায় একই দাবিতে এই আট দল ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। প্রথম পর্বে সারা দেশে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এরপর ১ থেকে ১২ অক্টোবর দ্বিতীয় পর্বে গোলটেবিল আলোচনা, সেমিনার, গণমিছিল ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করে তারা।
\r\nসর্বশেষ, ১৪ ও ১৫ অক্টোবর তৃতীয় পর্বে রাজধানীসহ সারা দেশে মানববন্ধন করে দলগুলো।
প্রসঙ্গত, গত শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই সনদে স্বাক্ষর করে জামায়াত, ইসলামী আন্দোলন ও দুই খেলাফত মজলিস। সনদে স্বাক্ষরের পরও আন্দোলনের কারণ জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার—সংস্কারগুলোর বিষয়ে আমরা একমত বলেই সই করেছি। কিন্তু এখনো সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়নি। সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট জরুরি। এর পরই হতে হবে জাতীয় নির্বাচন।”





