দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার তথ্য জানায় প্রশাসন।

এক মাসব্যাপী (৩০ দিন) সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন, যা তাদের প্রধান ধর্মীয় উৎসব।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়েছিল, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।

কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের তথ্য অনুযায়ী, সেদিন বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার ৩০ রমজান পূর্ণ হয় এবং শনিবার শাওয়ালের প্রথম দিন হিসেবে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং বিশ্বের অনেক স্থানে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এছাড়া আফগানিস্তান, মালি ও নাইজারসহ কয়েকটি দেশে বৃহস্পতিবারই ঈদ উদযাপন করা হয়।