মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট । প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে। 


এর আগে একই সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট প্রচলনে এসেছে। বাকি মূল্যমানের নোটও পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ১০০ টাকার নোটের দৈর্ঘ্য হবে ১৪০ মিমি ও প্রস্থ ৬২ মিমি। নোটের সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে। পেছনে থাকবে সুন্দরবনের দৃশ্য। জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে ‘১০০’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।