আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের শতাধিক দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে বাংলাদেশের রফতানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৭ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে। আগে এই শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ, যা এখন বেড়ে দাঁড়াচ্ছে মোট ৫২ শতাংশে।
বিশ্বের সবচেয়ে বড় তৈরি পোশাক বাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে, যার মধ্যে ৭৩৪ কোটি ডলারই ছিল তৈরি পোশাক খাতের। শুল্ক বাড়ানোয় দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্প বড় ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৈঠকে এই সংকট উত্তরণে করণীয় এবং সম্ভাব্য কৌশল নির্ধারণে আলোচনা হবে বলে জানা গেছে।