চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আজও (রোববার, ১ সেপ্টেম্বর) ক্লাস ও পরীক্ষা স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে পুরো ক্যাম্পাসে নেমে এসেছে সুনসান নীরবতা।
শনিবার (৩১ আগস্ট) দিনভর শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের একাধিক দফায় সংঘর্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফসহ ৭০–৮০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, স্থানীয়রা দেশীয় অস্ত্র ও ককটেল ব্যবহার করে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন এবং হামলাকারীদের বিচার দাবি জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুনরায় হামলার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী চবির আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





