গ্রেফতারি পরোয়ানা জারির পর মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রোববার (১৬ নভেম্বর) বিকেলে তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এ হাজির হয়ে জামিনের আবেদন জানান।


এর আগে পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা আত্মসাৎ করা, পাশাপাশি হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আমিরুল ইসলামের করা মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর পরোয়ানা জারি করেন। বাদী আমিরুল ইসলাম রোববার এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, ওই দিন আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত না হওয়ায় পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।


মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসার অংশীদার করার কথা বলে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। পরে ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় তিনি বারবার টাকা চাইলে নানা অজুহাতে সময় নেন।


অভিযোগে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজনের গালিগালাজ ও হুমকির মুখে পড়েন। তারা সতর্ক করে বলেন, বাড়িতে গিয়ে যেন আর টাকা না চান, নইলে প্রাণনাশের ঝুঁকি থাকবে। ঘটনাটি নিয়ে ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।


এই ঘটনার পর আমিরুল ইসলাম গত ২৪ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।


এদিকে গ্রেফতারি পরোয়ানার খবর অস্বীকার করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা-সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। সাংবাদিক সহকর্মীদের অনুরোধ, যাচাইহীন ও অসত্য কোনো সংবাদ প্রকাশ করবেন না।”