খুনের অভিযোগে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা আদালতে চাঞ্চল্যকর আবেদন জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেঙ্গালুরুর সিটি সিভিল ও সেশনস কোর্টে হাজির হয়ে তিনি বিচারকের কাছে বলেন, জেলজীবন এতটাই অমানবিক হয়ে উঠেছে যে তিনি আর সহ্য করতে পারছেন না। তাই তাকে যেন বিষ দেওয়া হয়, তিনি মরে যেতে চান।


শুনানিতে দর্শন অভিযোগ করেন, তাকে ঠিকমতো সূর্যের আলো দেখতে দেওয়া হয় না। ব্যবহার করা পোশাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং হাতের চামড়ায় ছত্রাক ধরেছে। তিনি বলেন, “এই অবস্থায় আর সহ্য হচ্ছে না। আমাকে বিষ এনে দিন।”


২০২৪ সালের ১১ জুন রেণুকা স্বামী নামে এক দোকানকর্মীকে হত্যার অভিযোগে দর্শনকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা যায়, অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে দর্শনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক জানার পর রেণুকা ইনস্টাগ্রামে তাকে নিয়ে অবমাননাকর বার্তা পাঠান। এই অপমানের প্রতিক্রিয়াতেই রেণুকাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।


শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করে কার্যক্রম স্থগিত করেছে।


দর্শন ২০০৩ সাল থেকে অভিনেত্রী বিজয়লক্ষ্মীর সঙ্গে সংসার করছেন। তাদের এক ছেলে রয়েছে, নাম ভিনেশ। তবে অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে তার গোপন সম্পর্ক প্রকাশ্যে আসে যখন পবিত্রা নিজেই সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করেন এবং জানান, তাদের সম্পর্কের এক দশক পূর্ণ হয়েছে। এরপর থেকেই শুরু হয় নানা জটিলতা।