বরিশালের আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন রাজিহার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপরজন বাগধা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুহিম মিয়া, যিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে আহত রুবেল হাওলাদার অভিযোগ করেন, দুপুরে আগৈলঝাড়া ফিলিং স্টেশনের পাশে বসে থাকা অবস্থায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইমউল ইসলামের নেতৃত্বে হাসান সরদার, শাওন ফকিরসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে আঘাত করে রুবেলকে গুরুতর জখম করে। এ সময় তাকে রক্ষা করতে এলে মুহিম মিয়াকেও মারধর করা হয়।
ঘটনার বিষয়ে অভিযুক্ত নাইমউল ইসলামের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অপর অভিযুক্ত ছাত্রদল নেতা হাসান সরদার দাবি করেন, রুবেল হাওলাদার পূর্ব বিরোধের জেরে তাদের ওপর হামলা চালাতে এসেছিলেন। পরে তিনি রুবেলকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন, তবে কে বা কারা তাকে মারধর করেছে তা তিনি দেখেননি বলে জানান।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়, তবে আমাদের পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ছাত্র সংগঠনের মধ্যে এ ধরনের সহিংসতা দলীয় শৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ বাড়াচ্ছে।





