দ্বীপ হাতিয়ার মানুষ নির্বাচনের পর আনন্দ করার বদলে ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
\r\nহান্নান মাসউদ বলেন, নির্বাচনে বিজয়ের পর সাধারণ মানুষের স্বাভাবিকভাবে আনন্দ-উল্লাস করার কথা থাকলেও বাস্তবে তারা আতঙ্কে রয়েছেন। তার দাবি, নির্বাচন শুরুর পর থেকে হাতিয়ার বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরবাড়ি পোড়ানো, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং সাধারণ মানুষকে মারধরের মতো ঘটনাও ঘটেছে। হাতিয়ার নির্বাচনী ইতিহাসে এমন সহিংসতার নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের এলাকায় এনে পরিস্থিতি অস্থির করা হয়েছে। গত কয়েক দিনে প্রায় সাড়ে চারশ’ বাড়িঘরে হামলা এবং শতাধিক দোকানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। হাসপাতালে আহতদের দেখে পরিস্থিতি “জুলাই অভ্যুত্থানের” মতো মনে হয়েছে বলেও মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ভোটের দিন সকালে তার গাড়িতে হামলা চালানো হয়। তার স্ত্রী, বাবা ও ভাইদের ওপরও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। কয়েকজন সাংবাদিকও মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেন। এসব হামলার নেতৃত্ব ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীম দিয়েছেন বলে অভিযোগ তুললেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
\r\nসংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতাসহ হামলায় আহত এনসিপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।





