আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের পরমাণু কার্যক্রম ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই’ পরিচালিত হচ্ছে।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই কর্মসূচিকে ঘিরে ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ইরান শুরু থেকেই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান একদিকে যেমন দৃঢ় অবস্থান জানান, অন্যদিকে কূটনৈতিক আলোচনার পথও খোলা রাখার বার্তা দেন। তিনি বলেন, “আমরা আমাদের সার্বভৌম অধিকার ত্যাগ করব না।”
বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান পরমাণু চুক্তি পুনরায় কার্যকর করার ক্ষেত্রে আগ্রহী, তবে পশ্চিমা বিশ্বের চাপের কাছে নতি স্বীকার করবে না। ফলে আসন্ন সময়ে এই ইস্যু ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন আরও জোরালো হতে পারে।





