ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহের প্রথম লেনদেনের দিনে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম হঠাৎই তিন শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৭৯ ডলারের উপরে উঠেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
\r\nবিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। জ্বালানি খাতের বিনিয়োগকারীরা এই ঘটনার প্রতিক্রিয়ায় দ্রুত দাম বাড়িয়ে দিয়েছেন।
\r\nএছাড়া গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনাও বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালী হয়ে সরবরাহ করা হয়। প্রণালীটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে চীন, ভারত ও জাপানের মতো প্রধান আমদানিকারক দেশগুলো এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
\r\nএদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার ছায়া এশিয়ার শেয়ারবাজারগুলোতেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজার খোলার পর সেখানে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
\r\nবিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জ্বালানি বাজারের এই অস্থিরতা বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন।





