আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোট গঠনের আলোচনা চলছে। এসব আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নিয়ে নতুন জোট গঠনের সম্ভাবনা জোরালোভাবে আলোচনায় ছিল। তবে শেষ মুহূর্তে বৈঠক ভেস্তে গেছে।
এনসিপির এক সূত্র জানিয়েছে, বুধবার রাতে তাদের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠকে আপ বাংলাদেশকে জোটে নেওয়া নিয়ে একাংশ নেতার সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে। ফলে আপ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বৈঠকে পাশ করানো সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জাগো নিউজকে বলেন, “গত রাতের বৈঠকে আমাদের কিছু নেতা আপ বাংলাদেশকে জোটে নিতে চাইনি। ফলে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট গঠন হবে না। যদি অন্য দল জোটে আপ বাংলাদেশ ছাড়া অংশগ্রহণ করতে চায় না, তাহলে জোটের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়বে।”
ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “জোট গঠনের প্রক্রিয়া এখন পিছিয়ে গেছে। আলোচনা চলছে, কনফার্ম হলে জানানো হবে। আপাতত এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।”
এবি পার্টির সহ-দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু বলেন, “বৈঠক হঠাৎ করে স্থগিত হয়েছে। আমাদের শরিকদের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। এনসিপির জুনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ আছে। ফলে কিছুটা দেরি হচ্ছে। জোট হবে, তবে সময় লাগছে।”
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা ভিড় করেন। তবে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি না থাকায় তারা শেষ পর্যন্ত চলে যান।





