বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন নাসীরুদ্দীন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বুয়েট শিক্ষার্থীদের অভিযোগের ঘটনাটি তুলে ধরেছেন তিনি।

ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) কয়েকজন ভাইয়ের আমন্ত্রণে সেখানে তারাবির নামাজ আদায় করতে যায়। নামাজে যাওয়ার পর একজন এসে জানান, অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না। আমি সঙ্গে সঙ্গে তা মেনে নিয়ে বলি, তারাবির নামাজ আদায় করে চলে যাবো।’

তিনি আরও লিখেন, ‘নামাজ শেষে বের হওয়ার সময় আবারও আমাকে কিছু না বলার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয় এবং মিডিয়া ব্রিফিং না করার অনুরোধ জানানো হয়। আমি সেটিও সম্মানের সাথে গ্রহণ করি। সেখানে আমি শুধু শহীদ আবরার ফাহাদ এবং শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করি। পরবর্তীতে পলাশীতে এসে প্রেস ব্রিফিং করি এবং সবার সঙ্গে কথা বলি। এ সময় কয়েকজন “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিলে আমি নিজেই তাদের থামিয়ে দেই।’

সবশেষে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেছেন, ‘অরাজনৈতিক বুয়েটের সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ সম্মান করি এবং আমার কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করার চেষ্টা করেছি। শুনলাম আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে, স্বাগতম। উপরে বর্ণিত কাজগুলো যদি অপরাধ হয়ে থাকে, তবে আপনারা শাস্তি দিতে পারেন। আমার শির আপনাদের আদালতে নত। সবাই দোয়ায় রাখবেন। মা’আসসালাম।’

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায় করার ঘোষণা দেন। তিনি গত ১৮ ফেব্রুয়ারি থেকে তার এই কার্যক্রম শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি বুয়েট ক্যাম্পাসে তারাবির নামাজ আদায় করতে যান।