পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার ঝোড়ো অর্ধশতক ও সমন্বিত বোলিংয়ের কল্যাণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আফগানিস্তানকে তারা হারিয়েছে ৩৯ রানে।
\r\nটসে জিতে আগে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান তোলে। ওপেনার সাহিবজাদা ফারহান ঝড়ো ২১ রান করলেও দ্রুত বিদায় নেন। এরপর সাইম আয়ুব (১৪) আউট হলে চাপ সামলান ফখর জামান ও আগা। মাঝপথে মোহাম্মদ নাওয়াজের সঙ্গে আগার ৫৩ রানের জুটি ইনিংসকে শক্ত ভিত দেয়। নাওয়াজ ১১ বলে ২১ রান করেন, আর আগা ৩৬ বলে অপরাজিত ৫৩ রানে দলের শীর্ষ স্কোরার হন।
\r\nজবাবে ১৮৩ রানের লক্ষ্যে নামা আফগানিস্তান শুরুটা ভালো করলেও মিডল অর্ডারের ধসে আর ঘুরে দাঁড়াতে পারেনি। রহমানুল্লাহ গুরবাজ ২৭ বলে ৩৮ রান করেন, আর কিছুটা লড়াই করেন রশিদ খান। তবে শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ১৯.৫ ওভারে ১৪৩ রানে।
\r\nপাকিস্তানের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হারিস রাউফ। তিনি ৩.৫ ওভারে ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। শাহীনের ঝুলিতে যায় ২ উইকেট, নাওয়াজ ও সুফিয়ান মুকিমও নেন ২টি করে উইকেট। আফগানিস্তানের হয়ে ফরিদ আহমদ ২ উইকেট পেলেও খরচ করেন ৪৭ রান।





