জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান দেশের আলোচনায় এসেছিলেন গত বছরের শুরুতে, যখন তিনি হঠাৎ বিয়ের ঘোষণা দেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন তিনি। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাদের সংসার ভাঙনের পথে।


জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার মধ্যে টানাপড়েন শুরু হয়। শেষ কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।


একান্ত আলাপে তাহসান খান বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে এ বিষয়ে বিস্তারিত জানাব।” তিনি জানান, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে ইচ্ছুক নন।


তাহসান আরও বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে কিছু ভুয়া খবর দেখার পর এ কথা বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে নেই।”


উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দশ বছরেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।


এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তারা দুই বছর আগে থেকেই আলাদা ছিলেন। তাহসানের সেই সংসারে একটি কন্যাসন্তান রয়েছে আইরা তাহরিম খান।