শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ২৫ হাজার লিটার ধারণক্ষমতার তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে মজুতকৃত তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দাহ্য পদার্থ মজুত রাখার অপরাধে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আগামীকাল বিকেলের মধ্যে মজুতকৃত ডিজেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। আবাসিক ভবনে দাহ্য পদার্থ রাখায় বাসিন্দাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে সব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।