দীর্ঘ দুই যুগ পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও রংপুর নগরীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।



\r\n

বিএনপি সূত্র জানায়, বিকেল ৩টা ৪৫ মিনিটে বগুড়া থেকে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।


\r\n

জনসভাকে কেন্দ্র করে রংপুরজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীতে আসতে শুরু করেছেন। জুমার নামাজের পর জনসমাগম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


\r\n

সরেজমিন দেখা গেছে, কালেক্টরেট ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। জনসভা এলাকায় একাধিক ডিজিটাল এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতেও মাইক ও স্ক্রিন বসানো হয়েছে।


\r\n

জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগর পুলিশ জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি রুফটপেও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। নগরীর বিভিন্ন তল্লাশিচৌকিতে নজরদারি জোরদার করা হয়েছে।


\r\n

মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, জনসভা এলাকা ও চলাচলের পথগুলো নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।


\r\n

এর আগে বৃহস্পতিবার রংপুর চেম্বার ভবনে সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনকে সামনে রেখে রংপুর অঞ্চলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে, যার প্রতিফলন জনসভায় দেখা যাবে।


\r\n

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিমানবন্দর চালু, শিল্পে গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক শিল্প ও অর্থনৈতিক অঞ্চল গঠনসহ শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপনের দাবি তারেক রহমানের কাছে তুলে ধরা হবে।


\r\n

উল্লেখ্য, রাজশাহী থেকে উত্তরাঞ্চল সফর শুরু করেন তারেক রহমান। এর আগে রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় পৃথক জনসভায় বক্তব্য দেন তিনি।