গণঅধিকার পরিষদ বাউলশিল্পী আবুল সরকারের বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, এই মন্তব্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে করা হয়েছে।


মঙ্গলবার (২৫ নভেম্বর) তার ব্যক্তিগত ফেসবুক পেজে রাশেদ খাঁন বলেন, “আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না। কিন্তু আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করা যায় না। একইভাবে হিন্দু ধর্ম ও হিন্দুধর্মাবলম্বীদের প্রতি কটূক্তির অধিকার কারও নেই। সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির কোনো স্বাধীনতা নেই।”


রাশেদ খাঁন আরও বলেন, “যারা বাউল আবুল সরকারের মুক্তি দাবি করছেন, তারা আগে তার বক্তব্য শুনুন। সে সমগ্র মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।”


তিনি যোগ করেন, “বাংলাদেশের আইন অনুযায়ী যথাযথ শাস্তি দিলে ভবিষ্যতে কেউ এমন কটূক্তি করবে না। আমরা সমাজে শান্তি চাই, ধর্ম নিয়ে বিতর্ক বা বিভাজন চাই না।”