‘আমরা আজ কলি হয়ে আছি, ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একদিন ফুটবই।’— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৯ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি দল ও রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়ে কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে এনসিপি লড়াই করে ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছে। এটি গ্রামীণ বাংলাদেশের প্রতিচ্ছবি, নদীমাতৃক সংস্কৃতি ও শুভ্রতার প্রতীক বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অনেকেই রাজনীতিকে ভয় পান বা মনে করেন এটি শুধু টাকাওয়ালা বা প্রভাবশালীদের বিষয়। কিন্তু রাজনীতি আসলে সবার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি নির্ধারণ করে রাষ্ট্র কেমন হবে, সমাজ কোন পথে এগোবে। তাই রাজনীতি থেকে দূরে না থেকে সাধারণ মানুষকেই রাজনীতিকে নিজের করে নিতে হবে।

গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ভূমিকার প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, আন্দোলনের সময় রাজনীতিকদের পাশাপাশি সাধারণ মানুষও লড়াই করেছে। তিনি আহ্বান জানিয়ে বলেন, “যদি আপনার মধ্যে দেশ বদলের অঙ্গীকার থাকে, তবে রাজনীতিতে অংশ নিন। রাজনীতি শুধু টাকাওয়ালা বা লুটেরাদের জন্য নয়, এটি সাধারণ মানুষের জন্য হতে হবে।”

সংসদ ভবনে ৫ আগস্টের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাই জনগণের মালিকানা ফিরিয়ে আনতেই সেদিন সংসদ ভবন মুক্ত করা হয়েছিল।

নাহিদ জানান, ৫ আগস্টের পর থেকে এনসিপি ঐকমত্য কমিশনের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করছে। দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব থাকবে আসন্ন সংসদের ওপর।তিনি বলেন, “এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই নির্বাচনই নির্ধারণ করবে, দেশ কোন পথে এগোবে।”