ইবি প্রতিনিধি: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ‘গুপ্ত জামায়াত’ বলে মন্তব্য করেছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) তিনি নিজের ফেসবুক আইডিতে সাংবাদিক নুরুল কবীরের ওপর হামলার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করতে গিয়ে সেই পোস্টের কমেন্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেছেন, \"স্বৈরাচারের বিরুদ্ধে অবিরাম কথা বলা অকুতোভয়, আপোষহীন সাংবাদিক নুরুল কবীরের লাঞ্ছনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি।\"
পোস্টটির কমেন্টে জাকির হোসেন নামে একজন ফেসবুক ব্যবহারকারী প্রশ্ন করেন, আমার দেশ পত্রিকার সম্পাদক, বিএনপিপন্থী মাহমদুর রহমানকে যখন কুষ্টিয়ায় মেরে রক্তাক্ত করা হয়েছিল তখন কি ইনারা এগিয়ে এসেছিলেন?
এই প্রশ্নের জবাবে ড. ফারুকুজ্জামান খান লেখেন, “মাহমুদ বিএনপিপন্থী এটা এখন আর প্রাসঙ্গিক নয়। বরং বিএনপিতে গুপ্ত জামাত হিসাবে সে নিজেকে ইতোমধ্যে প্রতিষ্ঠিত করেছে। মাহমুদুর রহমান কুষ্টিয়ায় মার খেলে প্রথম প্রশ্নটা আপনার আমার উপরে আসবে, ভিন্নমতের নুরুল কবীরের উপর নয়। কে কার পক্ষে কখন কিভাবে কথা বলবে সেটা নিতান্তই তার নিজের স্বাধীনতা। আমি মনে করি নুরুল কবীর এখনও আগের মতই তার নিজ অবস্থানে সত্যের পক্ষেই আছেন।\"
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন,\"ফেসবুকে আমি মানুষের সাথে কথাবার্তা বা আলোচনায় কী কমেন্ট করেছি, সেগুলো কি কখনও সংবাদের বিষয়বস্তু হতে পারে? ফেসবুক তো অনেকটা আড্ডার জায়গা, তর্ক-বিতর্কের জায়গা। সেখানে মানুষ বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন ধরনের কথা বলে। এসব নিউজ ম্যাটেরিয়ালস না।\"





