বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আজ আমি আমার মা, দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাবো। তিনি এ দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। সন্তান হিসেবে আমি চাইব, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৩০০ ফিট উচ্চতায় গণসংবর্ধনা মঞ্চে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমার মন হাসপাতালের ঘরে পড়ে আছে। কিন্তু সেই মানুষটির জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আমি কখনো ভুলতে পারি না। তাই হাসপাতালে যাওয়ার আগে কৃতজ্ঞতা জানানোর জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি।”
তারেক রহমান আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে সকল শ্রেণি, পেশা ও ধর্মের মানুষ নিরাপদে থাকবে। আমাদের ধৈর্যশীল হতে হবে, কারণ কিছু গুপ্তচর নানাভাবে সক্রিয়।”
তিনি তরুণ প্রজন্মের ওপর দায়িত্ব আরোপ করে বলেন, “তরুণরা আগামী দিনে নেতৃত্ব দিবে। আসুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যাতে দেশের নেতৃত্ব দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব হয়।”
তিনি স্বৈরশাসনের ১৫ বছরের শাসনামলে প্রতিবাদ করতে গিয়ে নিহতদের স্মরণ করে বলেন, “শত শত মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। আমাদের তরুণ প্রজন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে জীবন দিয়েছে।”
সম্প্রতি শহীদ ওসমান হাদির নাম উল্লেখ করে তিনি বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এবং ২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”





