শাকিব খানকে ঘিরেই অপু বিশ্বাসকে নিয়ে নানা আলোচনার জন্ম হয় বারবার। তবে এসব আলোচনায় নিজেকে জড়াতে নারাজ ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।


 সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রমাণ করার প্রয়োজন অনুভব করেন না। তিনি বলেন, “আমি বিবাহিত, কিন্তু সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নয়।”

প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও, সেই খবর দীর্ঘদিন ছিল গোপন। ২০১৭ সালে তাদের ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে খুব বেশি দিন টেকেনি সে সম্পর্ক—পরবর্তীতে বিচ্ছেদ ঘটে।

তবে বিচ্ছেদের পরেও ছেলেকে কেন্দ্র করে দেশে-বিদেশে একাধিকবার একসঙ্গে দেখা গেছে এই প্রাক্তন তারকা দম্পতিকে। বিশেষ করে, শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন সামনে আসার পর, শাকিব-অপুর সম্পর্ক নিয়েও নতুন করে গুঞ্জন শুরু হয়।

এ প্রসঙ্গে অপু বলেন, “যদি সংসার ফেসবুকে প্রমাণ করতে হয়, তাহলে তো বিয়েরই দরকার নেই। আমি বিবাহিত—এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, তাতে আমার কিছু যায় আসে না। কাউকে বোঝানোর সময় আমার নেই।”

বর্তমান সংসার জীবন সম্পর্কে সরাসরি কিছু না জানালেও, অপু বুঝিয়ে দেন—এ বিষয়ে তিনি সচেতনভাবে নিরব থাকতে চান। উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান। তার ব্যক্তিগত জীবনের কতটুকুই বা আপনি জানেন? তিনি যা জানানোর প্রয়োজন মনে করেছেন, শুধু সেটুকুই প্রকাশ করেছেন। আমার অবস্থানও ঠিক তেমনই।”

ব্যক্তিগত জীবনের গণ্ডি পেরিয়ে সবকিছু জনসমক্ষে আনতে তিনি রাজি নন—এমনটাই স্পষ্ট করে দিয়েছেন অপু বিশ্বাস।