আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলাম-কে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের মামলাগুলো পরিচালনার জন্য আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাজুল ইসলাম-এর নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এই পদে নিয়োগ পেয়েছিলেন।
এর আগে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। তার অধীনে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশন দাখিল করে। বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান রয়েছে। তিনটি মামলার রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে এবং আরও দুটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে।





