বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিয়োজিত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় বসুন্ধরায় আমিরে জামায়াতের কার্যালয়ে এই বৈঠক হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক।
জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, মানবাধিকার ইস্যু, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আমিরে জামায়াত দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে ফ্রান্সকে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা ব্যক্ত করা হয়।





