বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিপক্ষে চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন মো. ওমর ফারুক যুবরাজ।


মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিপির কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।


জুবরাজ জানান, যদিও তিনি সক্রিয় রাজনীতিতে নেই, তবে গত জুলাইয়ের আন্দোলনে ঢাকার রাজপথে অংশ নিয়েছিলেন। শহীদ মিনার থেকে নীলক্ষেত ও শাহবাগ এলাকায় বিক্ষোভে তিনি ছিলেন সক্রিয়। তাঁর আঁকা একটি গ্রাফিটি আজও টিএসসি মেট্রো স্টেশনের নিচে দেখা যায়।


তিনি আরও বলেন, “আমি দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই। আমি একজন সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত। খেলাধুলার সঙ্গে আমার অভিজ্ঞতা ১৭ বছরের বেশি।”


অমর ফারুক জানান, তিনি চট্টগ্রামের দুটি ক্রিকেট একাডেমি পরিচালনা করেন এবং বিভিন্ন ইয়ুথ-বেইজড প্রজেক্ট, ক্রিকেট টুর্নামেন্ট, খেলাধুলা ওয়ার্কশপ, আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট ও কর্পোরেট লিগ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ঢাকাতেও তার একটি ক্রিকেট একাডেমি আছে, যেখানে প্রায় ২০০ শিক্ষার্থী কোচিং করছেন। তিনি বলেন, “আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করতে চাই।”