সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ধর্মীয় বক্তা ও রাজনৈতিক নেতা মো: আমীর হামজার বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে মানহানী মামলা দায়ের হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল আলিম।

বিচারক মখলেচুর রহমান মামলার সঠিক তথ্য যাচাইয়ের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আইনজীবী আকিদুল হক জানান, মো: আমীর হামজা তার বক্তব্যে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বিদ্রুপমূলক, অবমাননাকর ও রুচিহীন মন্তব্য করেছেন। ধারাবাহিকভাবে বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের কারণে দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৫০০, ৫০১ ও ৫০২ মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।