বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেছেন, “পৃথিবীর কোনো দেশে আমেরিকা চায় না ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠন হোক। তবে এবার তারা বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ কায়েমে জামায়াতে ইসলামীকে নির্ভর করে এগোতে উৎসাহিত করছে।”
রোববার (২৫ জানুয়ারি) রাতে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন। বরগুনা-২ আসনটি বরগুনার বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত।
ডা. সুলতান বলেন, “আগামী নির্বাচন দেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। গত ১৫-১৮ বছর, তার আগের বেশিরভাগ নির্বাচনই প্রতারণা, লাঠিয়াল বাহিনীর হস্তক্ষেপ, ব্যালট বাক্স দখল এবং হানাহানি দিয়ে সম্পন্ন হয়েছে। এবার যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে পৃথিবী দেখবে, বাংলাদেশও সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম।”
তিনি আরও বলেন, “বহির্বিশ্ব চাচ্ছে এবার জামায়াতে ইসলামী নেতৃত্বে সরকার কায়েম হোক। যারা সচেতন, সাংবাদিক বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা এর ইঙ্গিত বুঝতে পারবে। সঠিক সিদ্ধান্ত না নিলে দেশ, জাতি ও ব্যক্তিগত ক্ষতি হবে।”





