বরিশাল, রংপুরসহ আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. ইউসুফ মোল্লা।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক(৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধিমতো ভাতা পাবেন।


এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।