বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউডের ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে তাকে দেখা যাবে প্রধান চরিত্রে, যা বলিউডে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হিসেবে গণ্য করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সনি লিভ সিরিজটির টিজার প্রকাশ করে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। টিজারে আরিফিন শুভকে ‘জিমি রয়’ চরিত্রে দেখা গেছে, যার চারপাশে আবর্তিত হয়েছে পুরো গল্প। তিনি ভিন্ন ভিন্ন লুকে উপস্থিত হয়ে সত্তরের দশকের রেট্রো আবহ ফুটিয়ে তুলেছেন।
নিজের চরিত্র সম্পর্কে আরিফিন শুভ বলেন, “জ্যাজ সিটি এমন একটি গল্প, যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীত ও নীরবতাও গল্প বলে। চরিত্রের অনুভূতি প্রকাশে এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করেছে।”
জানা গেছে, সিরিজটিতে আরিফিন শুভ চারটি ভাষায় অভিনয় করেছেন—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি, যা তার ক্যারিয়ারে একসঙ্গে সর্বাধিক ভাষায় অভিনয়ের অভিজ্ঞতা।
‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সত্তরের দশকের পটভূমিতে। সিরিজটিতে সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম এবং পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে।
সিরিজটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ওয়েব সিরিজ ‘জুবিলি’-র সঙ্গে যুক্ত ছিলেন। আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র, এছাড়া আরও কয়েকজন পরিচিত বলিউড ও টলিউড শিল্পী সিরিজটিতে রয়েছেন।
সনি লিভ জানিয়েছে, ‘জ্যাজ সিটি’ আগামী ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে।





